অক্টোবরের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার।
ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর একদিনেই প্রবাসীরা ১২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৮৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৭০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৭ শতাংশ।
অপরদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিরা ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এই পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরো শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।
এমআই/টিএ