ইরানের ওপর এ মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক নয় : নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০৬:৩৮ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু- আজ বুধবার (১৪ অক্টোবর) এমন তথ্য জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।
তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, এ মুহূর্তে ইরানের ওপর হামলা চালানো সুবিধাজনক নয়। তবে কেন সুবিধাজনক নয়, সেটি উল্লেখ করেননি এ দখলদার।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় পার্লামেন্ট নেসেটের নির্বাচন হবে। অপরদিকে ৪ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।
চ্যানেল-১২ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের নির্বাচন হওয়ার আগেই ইরানে আরেকবার হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু। এ প্রতিবেদন প্রকাশের পর আজ বুধবার আর্মি রেডিওতে এসে ইঙ্গিত দিলেন, এ মুহূর্তে ইরানে হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই।
নেতানিয়াহু আর্মি রেডিওকে আরও বলেছেন, যদি তার দল লিকুড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে তাহলে বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না।
উগ্রপন্থি বেন গিভির নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, লিকুড পার্টির সঙ্গে জোট করে যদি তারা আবারও ক্ষমতায় আসতে পারেন, তাহলে তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে হবে।
তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, বেন গিভির এ পদ পাবেন না। তিনি বলেন, “বেন গিভির এ পদটি চায়। কিন্তু এ ব্যাপারে তার কোনো সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে।”
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে ইরানও নিজেদের প্রস্তুত করছে। জানা গেছে, ইরান যদি টের পায় মার্কিনি ও ইসরায়েলিরা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে ইরানই আগে হামলা চালাবে।
সূত্র: আলজাজিরা
এমআর/টিএ