© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক হাসান

শেয়ার করুন:
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ-সংশ্লিষ্ট কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক (উপসচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান। মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেন।

ফারুক হাসান বলেছেন, ‘আমার নিয়োগের বিষয়ে অনেকে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার করছেন। এটা আসলে অন্যান্য চাকরির মতো কোনো গ্রেডের সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এরিয়া পরিচালনায় সরকারের একজন প্রতিনিধি বলা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় মূলত দুটি ফাংশন থাকে। একটি হলো অপারেশনাল, যেটি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এবং অপরটি হলো সরকার কর্তৃক সৃষ্ট বোর্ড। এই বোর্ডটি হলো নিয়ন্ত্রক সংস্থা, যেটির কাজ প্রতিষ্ঠানের দেখাশোনা করা।’

নিয়োগের দায়িত্ব সম্পর্কে ফারুক হাসান বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলার বিদ্যুৎ সাপ্লাই হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি: থেকে।এটির আন্ডারে অনেক সাবস্টেশনও আছে। এই প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টরস-এর একজন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি।’

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে গণঅধিকার পরিষদের যাত্রা শুরু হয়। পরে ২০২৩ সালের জুনে অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তির কারণে দলটির দুই অংশ আলাদা হয়ে যায়। ওই বছরের জুলাইয়ে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী সময়ে ড. রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন করলে ফারুক হাসান মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের অংশে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গণঅধিকার পরিষদের দুই অংশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যুক্ত হন। এ সময় তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহ-সভাপতি পদমর্যাদা ও দলীয় মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফারুক হাসান। নির্বাচনে তিনি ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

এ দিকে বাংলাদেশ সরকারের বিদ্যুৎখাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ২০০০ সালের ২৮ জুন কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। পরবর্তী সময়ে ২০০৩ সালের ১ মার্চ এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এপিএসসিএলের মধ্যে ২০০৩ সালে স্বাক্ষরিত প্রথম Provisional Vendor’s Agreement-এর মাধ্যমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএস) কমপ্লেক্স এপিএসসিএলের কাছে হস্তান্তর করা হয়।

এরপর ২০০৩ সালের ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটির সব কার্যক্রম শুরু হয়। পাওয়ার স্টেশনের পরিচালনা, সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমসহ কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত করা হয় ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ), নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), নির্বাহী পরিচালক (এইচআর ও প্রশাসন) এবং নির্বাহী পরিচালক (অর্থ)-এর সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনা কাঠামোর ওপর।

এমআর/টিএ  

মন্তব্য করুন