‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে পাল্টা জবাব ফারুকের
ছবি: সংগৃহীত
০৮:১৬ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসানের নিয়োগ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার জবাবে তাদের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছেন ফারুক হাসান।
নিজের ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে সারজিস আলমের উদ্দেশ্যে ফারুক হাসান লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি-না তা যথেষ্ট সন্দেহ রয়েছে! একটি প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টরেসের পরিচালক যারা থাকেন তারা সরকারের গ্রেড ভুক্ত কোনো আমলা না। এটা বোঝার কিংবা জানার জন্য পিএইচডি করার প্রয়োজন নেই, এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে।
তিনি আরও লেখেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে এবং একটি পার্টির গুরুত্বপূর্ণ চেয়ারে থেকে এই সাধারণ জ্ঞান যদি না থাকে, তাহলে বলতে বাধ্য হচ্ছি সারজিস কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল?
ফারুক হাসান লিখেছেন, কারণ, বিগত সময়ে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই প্রবেশ করেছে। বলা তো যায়না সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমোও সে পথ অনুসরণ করেছিল কি-না! ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সারজিসের ভর্তির পরীক্ষার সময়কার কাগজপত্র পুন: যাচাই করে দেখা।
পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, আর সারজিসের প্রতি পরামর্শ, আপাতত রাজনীতি থেকে ইস্তফা দিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে কাজে লাগবে।
এ দিকে অপর এক ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ফারুক হাসান লিখেছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিশু শাখা জাতীয় নাগরিক পার্টির গালিগালাজ বিষয়ক সম্পাদক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদী বলে গেছেন যে এরা হলো জুলাই গণঅভ্যুত্থান বিক্রিকারী গাদ্দার। আর এই গাদ্দারদের জনগণ যাতে ক্ষমা না করে।
এমআই/এসএন