© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভুলে ৯.৯ মাত্রার সতর্কতা জারি জাপানে

শেয়ার করুন:
রাশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভুলে ৯.৯ মাত্রার সতর্কতা জারি জাপানে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ১৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, কম্পনের পর কোনো বিপদের আশঙ্কা নেই।

ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার আগাম ভূমিকম্পের সতর্কতা জারি করে। বিএনও নিউজের তথ্য অনুযায়ী, দেশটির বড় এলাকাজুড়ে তীব্র কম্পনের পূর্বাভাস দেয়া হয়। অথচ তাদের পরিমাপ অনুযায়ী ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯।

সতর্কবার্তাটি সঠিক হলে এটি হতো এ যাবতকালের রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যন্ত্রের সাহায্যে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ১৯৬০ সালের ভালদিভিয়া ভূমিকম্প, যার মাত্রা ছিল ৯.৫।

কামচাটকা উপদ্বীপটি ‘রিং অব ফায়ার’ নামক একটি ভূ-গাঠনিক বলয়ের ওপর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকাকে ঘিরে রেখেছে এবং এটি ভূকম্পনমূলক কর্মকাণ্ডের একটি কেন্দ্রস্থল।

গত বছরের জুলাইয়ে এই অঞ্চলের উপকূলের ৮দশমিক ৮ মাত্রার এক প্রচণ্ড ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়।

এমআর/টিএ  

মন্তব্য করুন