পা হারানো রাসেলকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে আরও ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিন মাসের মধ্যে এ টাকা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ক্ষতিপূরণ বিষয়ে দেওয়া রুল নিষ্পত্তি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
গ্রীন লাইন পরিবহনের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, আগামী তিন মাসের মধ্যে রাসেলকে আরও ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। গ্রীন লাইন পরিবহনের কাছ থেকে এর আগে ১৩ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ পান রাসেল সরকার। এই নির্দেশের বিরুদ্ধে আমরা আপিল করবো না।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাসেল বলেন, যে অর্থটা মহামান্য হাইকোর্ট আমাকে দিয়েছেন, সেটা দিয়ে আমার সন্তানদের মানুষের মত মানুষ করার চেষ্টা করব।
২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মো. হানিফ ফ্লাইওভারে গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গাইবান্ধার একই এলাকার বাসিন্দা জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য (বর্তমানে কৃষকলীগের সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রিট আবেদন করেন।
আবেদনটি আমলে নিয়ে পরদিন রাসেল সরকারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। গ্রীন লাইন কর্তৃপক্ষ এবং সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।
গত বছরের ৩১ মার্চ হাইকোর্ট বিভাগ গ্রীন লাইন কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে গ্রীন লাইন কর্তৃপক্ষ। গত বছরের অক্টোবরে আপিল বিভাগ ওই আদেশ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন।
টাইমস/এইচইউ