গাজীপুর থেকে ঢাকায় আসার পথে যুবক অপহরণ: মুক্তিপণ দিয়েও মেলেনি সন্ধান, র্যাবের কাছে অভিযোগ
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
গাজীপুরের কালিয়াকৈর থেকে মগবাজার আসার পথে হৃদয় আনসারী (২৫) নামের এক যুবককে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। মুক্তিপণের পুরো টাকা পরিশোধ করা হলেও অপহরণকারীরা ওই যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়নি। এ ঘটনায় নিখোঁজ যুবকের খালাতো ভাই ফয়সল মাহমুদ বাদী হয়ে র্যাব-৩ এর খিলগাঁও ক্যাম্পে এবং কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর থানাধীন সফিপুর (পাট) এলাকা থেকে মগবাজার আসার পথে তিনি নিখোঁজ হন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় মগবাজার যাওয়ার পথে হৃদয়ের সাথে পরিবারের সর্বশেষ রাত ৯টা ৩০ মিনিটে কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন রবিবার (২৫ অক্টোবর) ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অজ্ঞাত নম্বর (০১৩০৭৪৫৫৪৭৩) থেকে ফোন করে জানানো হয়, হৃদয় তাদের জিম্মায় রয়েছে। মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা অপহৃত হৃদয়ের সাথে পরিবারের কথোপকথনও করিয়ে দেয়।

পরিবার জানায়, প্রথম দফায় অপহরণকারীদের দেওয়া নম্বরে (০১৩৫৬৫৬৮৩৩৩) ৫ হাজার টাকা বিকাশে পাঠানো হয়। এর ৩০ মিনিট পর জীবনের হুমকি দিয়ে আরও ৩০ হাজার টাকা অন্য একটি নম্বরে (০১৩৩৩৯৭৫৪৭০) বিকাশে দিতে বাধ্য করা হয়। এরপর হাতিরঝিল ২ নম্বর ব্রিজে গিয়ে হৃদয়কে নিয়ে আসার কথা বললেও পরবর্তীতে আরও ৫ হাজার টাকা নগদ (Nagad) নম্বরে (০১৩৬১৮৪৯০৫) পাঠানোর হুমকি দেয় তারা।
পরিবারের পক্ষ থেকে সেই টাকাও পরিশোধ করা হয়। কিন্তু এত কিছুর পরও অপহরণকারীরা হৃদয় আনসারীকে পরিবারের কাছে হস্তান্তর করেনি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৭৯, তারিখ: ২৫/১০/২০২৬, জিডি ট্র্যাকিং নং: MZKZ78) দায়ের করেন। পরবর্তীতে র্যাব-৩ এর কম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃত যুবককে উদ্ধারে ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কেএন/টিএ