ইডেনের অধ্যক্ষ হত্যা : দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড
রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহকর্মী রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রবিবার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই গৃহকর্মী রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এর আগে ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় পরদিন সকালে দুই গৃহকর্মী রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।
মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলা সূত্রে জানা যায়, আসামিরা ২০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান।
২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ২৭ জন সাক্ষ্য দেন।
আরও পড়ুন
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যা মামলার রায় আজ
টাইমস/এইচইউ