© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর

শেয়ার করুন:
ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় ২৭ অক্টোবর
own-reporter
০৪:৩৯ পিএম | ০৪ অক্টোবর, ২০২০

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় আগামী ২৭ অক্টোবর ঘোষণা করা হবে। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রায়ের এ দিন ধার্য করেন। মামলার ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

গত ২১ সেপ্টেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার ও সাবিনা আক্তার দিপা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা মামলার পাঁচ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদরাসাছাত্রকে আটক করে।

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করায় বাবুকে হত্যা করা হয়েছে বলে জিকরুল্লাহ ও আরিফুল স্বীকার করেছেন। আটকের সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ওই রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন তার ভগ্নিপতি মনির হোসেন। পরে আটক দু’জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আব্দুল্লাহ (পলাতক) ও আবু তাহের জুনায়েদের (পলাতক) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন