ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল
ছবি: সংগৃহীত
০১:৩৭ এএম | ২৮ অক্টোবর, ২০২৬
ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ হয়নি লামিনে ইয়ামালের। তবে পুরস্কার না জিতেও ইতিহাস গড়েছেন বার্সেলোনার এই স্প্যানিশ তারকা। টানা তিনবার ব্যালন ডি’অরের সেরা দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি এবার টানা তৃতীয়বার জিতেছেন কোপা ট্রফি।
সোমবার লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষদের বিভাগে সবার ওপরে ছিলেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। দ্বিতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে, আর তৃতীয় ইয়ামাল। ফলে মাত্র ১৯ বছর বয়সে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বার্সেলোনার এই ফরোয়ার্ডের।
তবে মূল পুরস্কার না পেলেও খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারের স্বীকৃতি কোপা ট্রফি জিতেছেন তিনি। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই পুরস্কার জিতেছিলেন ইয়ামাল। এবার টানা তৃতীয়বার জিতে অনন্য কীর্তি গড়েছেন তিনি।

ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় ইয়ামালের ধারাবাহিকতাও নজরকাড়া। ২০২৪ সালে অষ্টম হওয়ার পর গত বছর দ্বিতীয় হয়েছিলেন তিনি। এবার তৃতীয় হয়ে টানা তিন আসরেই সেরা দশে থাকার কীর্তি গড়েছেন। ২০ বছর বয়স হওয়ার আগেই তিনবার এই তালিকায় জায়গা করে নেওয়া ফুটবলার হিসেবে তার অর্জনটি বিশেষ।
একেএস/টিএ