© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তিরছী টোপিওয়ালে’ ২২ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ‘রোমান্সে’ অস্বস্তিতে পড়েন নাসিরুদ্দিন

শেয়ার করুন:
‘তিরছী টোপিওয়ালে’ ২২ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ‘রোমান্সে’ অস্বস্তিতে পড়েন নাসিরুদ্দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ এএম | ২৮ অক্টোবর, ২০২৬
বলিউডের অন্যতম প্রবীণ ও দাপুটে অভিনেতা নাসিরুদ্দিন শাহ। চরিত্রের প্রয়োজনে রূপ বদলানোয় যার জুড়ি মেলা ভার, তাকেই এক সময় ক্যামেরার সামনে রোমান্টিক দৃশ্য করতে গিয়ে ঘাম ঝরাতে হয়েছিল। আশির দশকের ব্লকবাস্টার গান ‘তিরছী টোপিওয়ালে’-র শুটিং ফ্লোরে কমবয়সি সহ-অভিনেত্রীর সঙ্গে রোমান্স করতে গিয়ে নাকি চরম অস্বস্তিতে ভুগেছিলেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা কিচ্ছা ফাঁস করেছেন ১৯৮৯ সালের সুপারহিট অ্যাকশন-থ্রিলার ‘ত্রিদেব’-এর পরিচালক রাজীব রাই। তার মুখেই শোনা যায় সেদিনের শ্যুটিংয়ের পেছনের গল্প। রাজীব রাইয়ের পরিচালনায় মুক্তি পাওয়া ‘ত্রিদেব’ ছবির গান সে সময় ঝড় তুলেছিল বক্স অফিসে। 

ছবির পাশাপাশি এর প্রতিটি গান আজও দর্শকের মনে সমানভাবে জনপ্রিয়। বিশেষ করে ‘তিরছী টোপিওয়ালে’ গানটি তো আইকনিক হয়ে রয়েছে। এই ছবিতে নাসিরুদ্দিন শাহের পাশাপাশি সানি দেওল, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত এবং সঙ্গীতা বিজলানিদের মতো তারকারা অভিনয় করেছিলেন। তবে সবার নজর কেড়েছিল নসীরুদ্দীন ও নবাগতা সোনমের জুটি।

পরিচালক জানান, রোমান্টিক নাচের দৃশ্যে অনভ্যস্ততা এবং নায়িকার সঙ্গে বয়সের ফারাক এই দুই মিলিয়ে শুটিংয়ের সময় বেশ নার্ভাস ছিলেন নাসিরুদ্দিন। একদিকে নাচের সঙ্গে তেমন পরিচয় ছিল না, অন্যদিকে তার বিপরীতে থাকা সোনমের বয়স ছিল তার চেয়ে প্রায় ২২ বছরের ছোট। পরিচালককে অভিনেতা সরাসরি জানিয়েছিলেন যে, এ ধরনের গানে কীভাবে পারফর্ম করবেন, তা নিয়ে তিনি ভীষণ দ্বিধায় রয়েছেন।



পরিস্থিতি সামাল দিতে পরিচালক রাজীব রাই তাকে পরামর্শ দেন, নাচটিকে আলাদা কিছু না ভেবে অভিনয়েরই একটি স্বাভাবিক অংশ হিসেবে ধরে নিতে। নিজের মতো করে মুদ্রাগুলো সহজ করে নেওয়ার কথাও বলেন তিনি।পরিচালকের সেই আশ্বাসের পরেই ধীরে ধীরে বরফ গলে এবং স্বচ্ছন্দ হন বর্ষীয়ান অভিনেতা।

তবে বয়সের ব্যবধান নিয়ে নাসিরুদ্দিনের মনে যে দ্বিধা কাজ করছিল, তা কাটে সহজে। চিত্রনাট্য নিয়ে আলোচনার সময় তিনি পরিচালককে খোলামেলা জানান যে, তার প্রথম পক্ষের মেয়ে হিবা শাহের বয়স খোদ সোনমের চেয়েও বেশি! এই বাস্তব তথ্য জানিয়ে তিনি পরিচালককে প্রশ্ন করেছিলেন, এতে কোনও সমস্যা হবে কি না। জবাবে পরিচালক স্পষ্ট জানান, পর্দায় তাদের দু’জনকে মানাটাই আসল কথা।

একেএস/টিএ

মন্তব্য করুন