‘নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত’ করতে প্রস্তুত ইসরায়েলের প্রধান আরব দল
ছবি: সংগৃহীত
০৭:১৪ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬
বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে জোট করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধান আরব দল ‘জয়েন্ট লিস্ট’। দলটির প্রধান নেতা ও চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুর ‘রক্তপাতের সরকারকে’ পরিবর্তন করতে চান তারা।
এবারের ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচনে জয়েন্ট লিস্ট একক দল হিসেবে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েছে। দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। আর দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে গাদি আইজেনকোতের ইয়াশার।
ইউসেফ জাবারিন বলেন, “নেতানিয়াহুর রক্তপাতের সরকারকে হটাতে আমি একটি সত্যিকারেরর ইহুদি-আরব জোটের আহ্বান জানাচ্ছি। যারাই একটি বিকল্প সরকার গঠন করতে চাইবে তাদের জয়েন্ট লিস্টের কাছে আসতে হবে।”
নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনের আগে একজোট হয়েছিল ইসরায়েলের ইহুদি দলগুলো। তারা এ জোটের নাম দিয়েছিল ‘চেঞ্জ ব্লক’। আর এই ব্লকের নেতৃত্ব দিচ্ছেন ইয়াশার পার্টির গাদি আইজেনকোত।
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে গাদি আইজেনকোত অন্যান্য দলগুলোর সঙ্গে এক হলেও; তিনি বলেছিলেন, আরব দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন না।
তবে ‘চেঞ্জ ব্লকের’ মধ্যে থাকা ডেমোক্র্যাট পার্টি আরবদের সঙ্গে জোট করার কথা বলছে। দলটির মতে, নেতানিয়াহুর সরকারকে পরিবর্তন করার জন্য তাদের সামনে বিশাল এক সুযোগ এসেছে। আর এই সুযোগ কাজে লাগানোর জন্য আরব দলগুলোর সঙ্গে ইহুদি দলগুলোর জোট করা উচিত।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট হিসেবে পরিচিত। এতে ১২০টি আসন রয়েছে। কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ৬১টি আসনে জিততে হবে।
ইসরায়েলের গতকালের নির্বাচনের প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। এতে দেখা গেছে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন, গাদি আইজেনকোতের জোট ৪৯টি আসন আর আরব দলগুলো ১৭টি আসন পেতে যাচ্ছে। যার অর্থ বড় দুটি জোটের কেউই সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এখন সরকার গঠনের জন্য আরবদের সঙ্গে জোট করা ছাড়া আর কোনো উপায় নেই। আর বিরোধী দলগুলো যদি আরবদের সঙ্গে এখন হাত না মেলায় তাহলে ইসরায়েলে নতুন করে আবারও নির্বাচন আয়োজন করতে হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমআর/টিএ