© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসছে কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘অপারেশন সিঁদুর’

শেয়ার করুন:
আসছে কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘অপারেশন সিঁদুর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন সিনেমা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন কার্তিক।

ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চলতি বছরের শুরুতে পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক ভূষণ কুমার সিনেমাটির ঘোষণা দেন। বাস্তব সামরিক অভিযানকে কেন্দ্র করে নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে কার্তিক অভিনয় করলে এটি হবে তার ক্যারিয়ারে সামরিক প্রেক্ষাপটে আরেকটি কাজ।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ভারতের পরিচালিত সামরিক অভিযানের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘অপারেশন সিঁদুর’। তবে সিনেমাটিতে কার্তিকের চরিত্র এবং গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

আগে শেষ করবেন ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং

‘অপারেশন সিঁদুর’-এর কাজ শুরুর আগে পরিচালক শিমিত আমিনের ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সিনেমার শুটিং শেষ করার কথা রয়েছে কার্তিকের। ২০১৫ সালে ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতের পরিচালিত ‘অপারেশন রাহাত’ অভিযানের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এছাড়া কার্তিকের হাতে রয়েছে আরো কয়েকটি সিনেমা। তার ‘নাগজিলা’ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, পরিচালক অনুরাগ বসুর সঙ্গে তার পরবর্তী সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে আসতে পারে। ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের ভারতের স্বাধীনতা দিবসের সপ্তাহান্ত।

‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য জাতীয় পুরস্কার

এদিকে, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান।

এই সম্মান পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করেন অভিনেতা। গোয়ালিয়র থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করার কথা স্মরণ করে কার্তিক জানান, একসময় এমন স্বপ্ন দেখে অনেকে হাসলেও তিনি নিজের লক্ষ্যে এগিয়ে গেছেন। জাতীয় পুরস্কার পাওয়াকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

‘চান্দু চ্যাম্পিয়ন’-এর সাফল্যের পর এবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় কার্তিক আরিয়ান। তবে সিনেমাটিতে তার অভিনয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

এসএ/টিএ

মন্তব্য করুন