তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে : জামায়াত
ছবি: সংগৃহীত
০৮:০২ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও গাফিলতি রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে একজন সাবেক সামরিক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ও গাফিলতি স্পষ্ট।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধীদলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
নাগরিকদের নিরাপত্তার তাগিদ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সৌরি নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ পার পেতে বা দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকেই তা নিশ্চিত করতে হবে।
এমআর/টিএ