© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

শেয়ার করুন:
সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল এবং নিজের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়েও কটূক্তি করেন তিনি।

কানসাস ও আইওয়াতে নির্ধারিত সমাবেশ বাতিল করার পর এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, টানা কয়েক সপ্তাহ দেশজুড়ে প্রচারণার কারণে তিনি অসুস্থ বোধ করছেন কি না এবং এ কারণেই কানসাসের সফর বাতিল করা হয়েছে কি না। এই প্রশ্নে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। তিনি বলেন, 'ওহ, এই প্রশ্ন করার জন্য আপনি অসুস্থ। আপনি অসুস্থ।'

ওই সাংবাদিক যখন জানান যে তিনি শুধু প্রেসিডেন্টের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিলেন, তখন ট্রাম্প উল্টো ওই ব্যক্তির শারীরিক গঠন নিয়ে কথা বলতে শুরু করেন। সাংবাদিকের কথার নকল করে ট্রাম্প বলেন, 'এই লোকটার দিকে তাকান। সে একেবারেই ফিট নয়।' নিজের স্বাস্থ্য নিয়ে পুনরায় জিজ্ঞেস করা হলে ট্রাম্প দাবি করেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি বলেন, 'গত দুই সপ্তাহ ধরে আমি আমার ওপর খেয়াল রাখছি। আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি।' এরপরই তিনি আবারও ব্যক্তিগত আক্রমণ করে বলেন, 'আপনি জঘন্য। নিজেকে ফিট করুন। আপনাকে দেখতে ভয়াবহ লাগছে।'

মঙ্গলবার অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে শনিবার কানসাসের সেলিনা এবং রবিবার আইওয়ার দুবুকে নির্বাচনী সমাবেশ বাতিল করেছেন ট্রাম্প। এই দুই রাজ্যেই রিপাবলিকানরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছে। তবে ট্রাম্প সাংবাদিকদের জানান, কানসাসে তাকে যেতেই হবে এমনটা তিনি মনে করেন না। সেখানে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়েও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। পরবর্তীতে রিপাবলিকান ন্যাশনাল কমিটি আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টিও নিশ্চিত করে।

সশরীরে উপস্থিত হওয়ার বদলে ট্রাম্পের প্রচারণার তহবিল সংগ্রহকারী গ্রুপ মাগা ইনক নির্বাচনের আগে কানসাস ও আইওয়াসহ অন্তত ১৯টি রাজ্যে টেলি-র‍্যালির আয়োজন করবে। মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা এই মধ্যবর্তী নির্বাচনেই নির্ধারিত হবে। দলের প্রার্থীদের সমর্থন জোগাতে ১ অক্টোবর থেকে ১৯টি রাজ্যে ২৫টি সমাবেশ করেছেন ট্রাম্প। দুটি সমাবেশ বাতিল করলেও শুক্রবার ফ্লোরিডায় অপর একটি নির্বাচনী আয়োজনে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে নিজের প্রচারণার কারণে হওয়া শারীরিক ধকল নিয়েও কথা বলেছিলেন ট্রাম্প। গত সোমবার মিসিসিপিতে এক সমাবেশে তিনি বলেছিলেন, 'প্রতিদিন সমাবেশ করার জন্য ঈশ্বর আপনার ভোকাল কর্ড তৈরি করেননি।'

সূত্র: গালফ নিউজ

আরআই/টিএ

মন্তব্য করুন