ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না, তবে আমরা সম্পূর্ন প্রস্তুত: পুতিন
ছবি: সংগৃহীত
০১:০১ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপকে রাশিয়া সমর্থন করে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে তিনি বলেন, কোনো সংঘাত শুরু হলে এমন এক পরিস্থিতি তৈরি হবে, যেখানে আদতে কারও জয় হবে না।
আফ্রিকান নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের পুতিন বলেন, 'ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া যেকোনো পদক্ষেপ বা কাজকে আমরা সমর্থন করি।'
চলতি সপ্তাহে নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনালাপের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন জানান, ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত থাকলেও তারা তা চায় না। তিনি বলেন, 'প্রথমত, আমরা প্রস্তুত, তবে আমরা ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। আর যদি কেউ তা চায়, তবে তারা প্রস্তুতি নিতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি- আর তা হলো রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানো। যদি পরিস্থিতি খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে দিন শেষে কেউ বিজয়ী হবে না। এটা যেন কেউ ভুলে না যায়।'
মস্কোর সঙ্গে যোগাযোগ করার কারণে ইউরোপের বেশ কয়েকটি দেশের সমালোচনার মুখে পড়েছিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্তাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের। তবে এই সমালোচনা সত্ত্বেও তাদের ফোনালাপের সিদ্ধান্তটি সঠিক ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন জানান, বাল্টিক সাগরে নৌ চলাচলে কোনো বাধা দেখতে চায় না রাশিয়া। তিনি সতর্ক করে বলেন, যোগাযোগ সীমিত করা হলে তা হরমোজ প্রণালির মতো পরিস্থিতি তৈরি করতে পারে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে হরমোজ প্রণালিতে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে পুতিন বলেন, 'উপসাগরীয় অঞ্চল বা হরমোজ প্রণালির মতো একই পরিস্থিতি কি কেউ বাল্টিক সাগরে দেখতে চায়? আমার জানা নেই। আমরা তা চাই না, তবে যেকোনো চ্যালেঞ্জের জবাব আমরা দেব।'
সূত্র: রয়টার্স
আরআই/টিএ