© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশ ঠিক হওয়া দূরের কথা, দল হিসেবে বিএনপিও ঠিক হয়নি : আখতার হোসেন

শেয়ার করুন:
দেশ ঠিক হওয়া দূরের কথা, দল হিসেবে বিএনপিও ঠিক হয়নি : আখতার হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৪ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
দেশ ঠিক হওয়া দূরের কথা, দল হিসেবে বিএনপিও ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, গত নয় মাসে নিজেদের মধ্যে মারামারি করে বিএনপির ৪০ জনের বেশি নেতাকর্মী খুন হয়েছেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, দখলদারত্ব ও খুনের ঘটনা ঘটছে। এসব বন্ধ না করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে পড়ে আছেন। এক ফ্যাসিবাদী কাঠামোর সংবিধান রক্ষার মিশনে নেমেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি, যে ব্যর্থ বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, এই ব্যর্থ বাংলাদেশের দায় সরাসরি তারেক রহমানকেই নিতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, ‘বাংলাদেশে বাজেট আসার সময় দ্রব্যমূল্যের কিছু দাম বাড়ে। কিন্তু আমরা দেখলাম, বিএনপি সরকার বলল বাজেটের সময় নাকি কোনো কিছুর দাম বাড়েনি। অথচ উল্টো ঘটনা। বাজেটের আগে, বাজেটের পরে, এখনো পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম বাড়তির দিকে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গ্যাসের দাম কত এখন? কলকাতায় গ্যাস কিনবেন হাজার টাকায়। আর বাংলাদেশে গ্যাস কিনতে লাগে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের কোনো প্রভাব পড়ে না? যদি কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারে, বাংলাদেশের জনগণকে কেন ২ হাজার ৫০০ টাকায় গ্যাস কিনতে হয়, এই উত্তর জ্বালানিমন্ত্রীকে দিতে হবে।’

মানবাধিকার পরিস্থিতি নিয়ে আখতার হোসেন বলেন, ‘সব জায়গায় ব্যর্থতার পাশাপাশি বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে তারা উল্টো দিকে যাত্রা শুরু করেছে। আমরা চেয়েছিলাম, বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থানের পরে মানবাধিকার সুরক্ষার জন্য শক্তিশালী আইন হবে। কিন্তু এই সরকার শক্তিশালী আইন প্রণয়নের কথা বলে সবগুলো দুর্বল আইন প্রণয়ন করেছে। যাতে তারা ইচ্ছেমতো মানবাধিকার লঙ্ঘন করতে পারে, সেই পথ তারা প্রশস্ত করেছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার কী পরিস্থিতি, আপনারা সকলে জানেন। গতকাল একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিমানবাহিনীর একজন কর্মকর্তা তাওসিফ সাউরির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। সেই তাওসিফ সাউরি শেখ হাসিনার পলায়নের ভিডিওটা ফেসবুকে সার্কুলেট করেছিলেন। আওয়ামী লীগের লোক উল্লাস প্রকাশ করছে। আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করার সাহস পায়, কারণ এখনো পর্যন্ত ২৪-এর অভ্যুত্থানের সময় যে আওয়ামী লীগ হত্যা করেছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল, বিএনপি সরকার গঠন করার এতদিন পরেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারেনি।’

সমাবেশ থেকে সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরে আখতার হোসেন বলেন, ‘আজকের এই গণবিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে সরকারের কাছে দাবি জানাতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের মানুষের জীবন নিয়ে নয়ছয় করছেন। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

তিনি বলেন, ‘একদলীয় একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। মানবাধিকারের পরিপন্থি সমস্ত আইন বাতিল করতে হবে। সামনের দিনে সাইবার সুরক্ষা আইনের যে সংশোধনী আনতে যাচ্ছেন, সেই সংশোধনী আনা চলবে না। গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

গঙ্গা চুক্তি প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, ‘সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে বাংলাদেশের জন্য। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এটাই সরকারের জন্য পরীক্ষা। তারা কি গঙ্গা চুক্তি নবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারে কি না, সেটা তারেক রহমানের সরকারকে এ দেশের মানুষের কাছে প্রমাণ দিতে হবে।’

এমআর/টিএ   

মন্তব্য করুন