কুমিল্লায় প্রায় কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
ছবি: সংগৃহীত
০৭:২০ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাজি, ফুচকা ও বাসমতি চাল।
শুক্রবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টায় কুমিল্লা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পালপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের বাজি জব্দ করে।
দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিএ