ঠাকুরগাঁও উপনির্বাচন প্রমাণ করেছে বিএনপির রাজনীতিই সঠিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৩৯ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে বিএনপির রাজনীতিই সঠিক এবং বিরোধীদের রাজনীতি এখন সঠিক পথে নেই।জাতীয় খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে তাঁর ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপনির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সারা দেশের মানুষের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের অর্জন জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই উপনির্বাচন তার একটি বড় বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী ১ লাখ ৩০ হাজারের বেশি ভোটে বিজয়ী হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী প্রায় ১০ লাখ ভোট পেলেও বর্তমান উপনির্বাচনে তাদের ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় ফরহাদ হোসেন আজাদ বিরোধী দলের প্রতি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগ বাড়িয়ে লং মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলগুলোকে আরও সংশোধিত হতে হবে। তাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা সংসদে এসে সরকারকে জানানোর পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে ২৪-এর গণআন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশ আগামী দিনে প্রতিটি মানুষের প্রত্যাশিত রাষ্ট্রে পরিণত হবে।বাংলাদেশ সংবাদ
এর আগে প্রতিমন্ত্রী দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নেন। পরে আলোচনা সভায় যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআই/টিএ