© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের শিকার কুমার সাঙ্গাকারা

শেয়ার করুন:
ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদী আচরণের শিকার কুমার সাঙ্গাকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা অভিযোগ করেছেন, সম্প্রতি সপরিবারে ভ্রমণকালে ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ার কর্মীদের কাছ থেকে ‘বৈষম্যমূলক’ ও ‘হুমকিমূলক’ আচরণের শিকার হয়েছেন তিনি। এই অভিজ্ঞতাকে তিনি অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ডাবলিনে এমন বাজে অভিজ্ঞতা তার প্রথম হলো।

সেই পোস্টের জবাবে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সাঙ্গাকারার বিরুদ্ধে নিজেকে বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য মনে করা এবং ‘বিশেষ সুবিধা’ চাওয়ার অভিযোগ করেছেন।

মেডা ক্যারি নামের ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘সবার সাথে হুবহু একই রকম আচরণ করা বৈষম্য নয়, যদিও বিশেষ সুবিধায় অভ্যস্ত কেউ এতে অপমানিত বোধ করতে পারেন। কারও মর্যাদাকে স্বীকৃতি না দেওয়াটা কেবলই নিরপেক্ষতা। এক জ্ঞানী ব্যক্তি একবার বলেছিলেন, মানুষ যখন বিশেষ সুবিধা পেতে অভ্যস্ত হয়ে যায়, তখন সমান আচরণকেও বৈষম্য বলে মনে হয়। রায়ানএয়ার কোনো বাড়তি সুবিধার প্রতিশ্রুতি দেয় না।’



পরে সাঙ্গাকারাও তাকে শক্ত জবাব দেন, ‘যখন কেউ বলে আপনাদের মতো পাসপোর্টধারী ব্যক্তির এমন আচরণই পাওয়া উচিত এবং সেই জঘন্য মন্তব্যের যদি আমরা বিরোধিতা করি, তাহলে আমাদেরকে অন্য যাত্রীদের জন্য হুমকি হিসেবে গণ্য করে বিমানে উঠতে না দেয়, তাহলে সেটা সবার সঙ্গে সমান আচরণ নয়, বর্ণবাদী।’

এর আগে সাঙ্গাকারা প্রথম পোস্টে লিখেছিলেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের কোনো গেটকর্মীর বৈষম্যমূলক আচরণের শিকার কি কেউ হয়েছিলেন? আমার পরিবার ও আমার কেবলই এমন অভিজ্ঞতা হলো। এটা ছিল বিস্ময়কর। সম্বোধনের ভঙ্গি, পদ্ধতিগত ত্রুটি এবং হুমকিমূলক আচরণ। যে কোনো যাত্রীর জন্য অগ্রহণযোগ্য। ডাবলিনে এমন বাজে অভিজ্ঞতা প্রথমবার হলো।’

রায়ানএয়ার হলো একটি আইরিশ অতি-স্বল্প খরচের বিমান সংস্থা। এর সদর দপ্তর আয়ারল্যান্ডের ডাবলিন কাউন্টির সোর্ডস শহরে অবস্থিত। নির্ধারিত যাত্রী সংখ্যা, বিমানবহরের আকার এবং মোট ফ্লাইটের সংখ্যার দিক থেকে এটি ইউরোপের বৃহত্তম বিমান সংস্থা।

এমআর/টিএ  

মন্তব্য করুন