© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদির কারখানায় আগুনে নিহত ৫ জনের মরদেহ পৌঁছাল নওগাঁয়

শেয়ার করুন:
সৌদির কারখানায় আগুনে নিহত ৫ জনের মরদেহ পৌঁছাল নওগাঁয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি পাঁচজনের মরদেহ নওগাঁয় এসে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে তিনটা-চারটার মধ্যে মরদেহগুলো লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নওগাঁর নিজ নিজ গ্রামে এসে পৌঁছায়।

এর আগে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া।মরদেহগুলোকে এক নজর দেখতে লাশবাহী অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা।

সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে গত ৯ আগস্ট ১৬ বাংলাদেশি প্রবাসী মৃত্যবরণ করেন। এরমধ্যে ১২ জনের বাড়িই নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আসে। এরপর আজ বাকি ৭ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। ৭ জনের মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁ জেলায়। এই পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মরদেহগুলো শনাক্তের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট ৭টি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহগুলো বাংলাদেশে প্রেরণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহগুলো বিনা খরচে পরিবারের মাঝে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।

এসএ/টিএ


মন্তব্য করুন