© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় লংমার্চফেরত বাস খাদে: নিহত ১, আহত অর্ধশতাধিক

শেয়ার করুন:
সাতক্ষীরায় লংমার্চফেরত বাস খাদে: নিহত ১, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ এএম | ০১ নভেম্বর, ২০২৬
খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বহনকারী একটি বাসের চাপায় সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুল খালেক মোড়ল নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে জামায়াতের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মোড়ল (৬৫) পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আফতাব মোড়লের ছেলে।

জানা গেছে, জামায়াতের নেতা-কর্মীরা খুলনায় লংমার্চ প্রোগ্রাম শেষে সাতক্ষীরায় ফিরছিলেন। পথিমধ্যে বাজারসংলগ্ন সড়কে রাস্তা পার হওয়ার সময় বাসটি পথচারী আব্দুল খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক মোড়লের মৃত্যু হয়। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাসটি তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে জামায়াতের নেতাকর্মীরা আহত হন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন।

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘লংমার্চের গাড়িটি সাতক্ষীরা ফিরে আসার সময় আকস্মিক গাড়িটির সামনে পড়ে যান ওই বৃদ্ধ লোকটি। তাকে বাঁচাতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বহনকারী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নেতাকর্মী আহত হয়েছেন। বৃদ্ধ মানুষটিও মারা গেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে আমাদের জানিয়েছেন স্থানীয় লোকজন।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকা গামী ইমাদ পরিবহনের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। স্থানীয়রা তাকে খালেক পাগল বলে ডাকতেন।

এমআই

মন্তব্য করুন