চেলসির কাছে হেরে রেকর্ড ৯ ম্যাচে জয়হীন ইউনাইটেড, ব্রাইটনের কাছে হারল ম্যানসিটিও
ছবি: সংগৃহীত
০৭:৪৫ এএম | ০১ নভেম্বর, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃসময় যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার (৩১ অক্টোবর) স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ২-০ গোলে হেরেছে তারা। এর মধ্য দিয়ে টানা নয় ম্যাচে জয়হীন থাকার বিব্রতকর রেকর্ড গড়েছে দলটি। একই দিনে ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিও।
চেলসির বিপক্ষে প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছিল সফরকারী ইউনাইটেড। তবে একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হয়েছে তাদের। দ্বিতীয়ার্ধে মরগান রজার্সের দুর্দান্ত ব্যক্তিগত প্রচেষ্টা এবং কোল পালমারের পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে চেলসি। এতে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপর্যয়ে পড়ে ইউনাইটেড। এর সঙ্গে যোগ হয় ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের অপ্রয়োজনীয় লাল কার্ড। ৬৩তম মিনিটে পেনাল্টি হজম করার ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি পালমার।
একই দিনে নটিংহাম ফরেস্ট ও ক্রিস্টাল প্যালেসও নিজেদের ম্যাচে ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় অবনমন অঞ্চলে নামতে হয়নি ইউনাইটেডকে। ফরেস্ট হেরেছে ব্রেন্টফোর্ডের কাছে এবং প্যালেস হেরেছে টটেনহ্যাম হটস্পারের কাছে।
গত সপ্তাহে অ্যাস্টন ভিলার কাছে হেরে প্রিমিয়ার লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমে এবার ব্রাইটনের কাছেও হারতে হয়েছে তাদের। ম্যাচের শুরুতেই ইয়াসিন আয়ারির গোলে জয় তুলে নেয় তৃতীয় স্থানে থাকা ব্রাইটন। এর মাধ্যমে মাঝ সপ্তাহে লিগ কাপের হারের প্রতিশোধও নেয় তারা।
রোববার (১ নভেম্বর) লিভারপুলের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই সিটিকে টপকে শীর্ষস্থান দখল করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। এক ম্যাচ কম খেলে সমান ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় আর্সেনাল। ব্রাইটনের সংগ্রহ ১৯ পয়েন্ট এবং ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি।
এদিকে ঘরের মাঠে সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে কভেন্ট্রি সিটি। দলের হয়ে গোল করেন তাতসুহিরো সাকামোতো, তাইও আওনিয়ি ও জ্যাক রুডনি। হেরে তলানিতে রয়েছে সান্ডারল্যান্ড।
অন্যদিকে লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বোর্নমাউথ। টানা চতুর্থ লিগ ম্যাচে গোল করেছেন ইভানিলসন। পাঁচ ম্যাচ ধরে জয়হীন নটিংহাম ফরেস্ট নতুন কোচ অলিভার গ্লাসনারের অধীনেও ছন্দে ফিরতে পারেনি। ব্রেন্টফোর্ডের কাছে হেরে অবনমন অঞ্চলে রয়ে গেছে তারা।
প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা দুই দল হাল সিটি ও ইপসউইচ টাউনের লড়াই শেষ হয়েছে ২-২ গোলে ড্রয়ে।
মাইকেল ক্যারিকের অধীনে ১৯৮৮ সালের পর সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারের পাশাপাশি প্রথম নয় ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট।
তবে এমন হতাশাজনক পরিসংখ্যানের পরও ম্যাচ শেষে সফরকারী সমর্থকদের কাছ থেকে উষ্ণ করতালি পেয়েছেন ক্যারিক।
গত সপ্তাহে বোর্নমাউথের কাছে হারের পর দলের সমালোচনা করায় বেঞ্চে বসতে হয়েছিল ব্রুনো ফার্নান্দেসকে। তবে চেলসির বিপক্ষে অধিনায়ক হিসেবে শুরুর একাদশে ফিরেই ভালো খেলেছেন তিনি। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ইউনাইটেড।
ম্যাথিউস কুনহার একটি গোল বাতিল না হলে কিংবা আমাদ দিয়ালো সহজ সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। গোলের সহজ সুযোগ পেয়েও বল বাইরে পাঠান আমাদ।
তবে বিরতির পর সবকিছু এলোমেলো হয়ে যায় ইউনাইটেডের। রজার্স প্রায় বাধাহীনভাবে এগিয়ে গিয়ে চেলসির প্রথম গোলটি করেন। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মার্টিনেজ। কর্নারের সময় ওয়েসলি ফোফানার মুখে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন তিনি। একই ঘটনায় পেনাল্টিও পায় চেলসি।
ম্যাচ শেষে ক্যারিক বলেন, ‘প্রথমার্ধের ইতিবাচক দিকগুলোই আমি বেশি মনে রাখতে চাই। কিন্তু এরপর ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনটা অনেকবারই ঘটেছে। তাই আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং দ্রুত কিছু একটা করতে হবে।’
ব্রাইটনের কাছে হেরে পয়েন্ট হারাল ম্যানসিটি:
স্বাধীন কমিশনের তদন্তে ১১৫টি আর্থিক অভিযোগের মধ্যে ১১৪টিতে দোষী সাব্যস্ত হওয়ার পরও মাঠের পারফরম্যান্সে মনোযোগ ধরে রেখেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম সাত ম্যাচে জয় পেয়েছিল তারা। তবে অ্যাস্টন ভিলার কাছে হারের পর এবার ব্রাইটনের কাছেও পয়েন্ট হারাল পেপ গার্দিওলার দল।
ম্যাচের ১১তম মিনিটে মাতেও নুনেসের ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে কাছ থেকে গোল করেন ইয়াসিন আয়ারি। এই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ব্রাইটন।
সমতা ফেরাতে ম্যাচজুড়ে আক্রমণ চালায় সিটি। কিন্তু ব্রাইটনের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। পুরো ম্যাচে ২১টি গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। প্রিমিয়ার লিগে টানা ২৫ ম্যাচ পর প্রথমবার গোলশূন্য থাকল সিটি।
ব্রাইটন কোচ ফাবিয়ান হুর্জেলারের দল চলতি মৌসুমে এর আগে আর্সেনালকেও হারিয়েছে। শনিবারের ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণভাগেও দারুণ দৃঢ়তা দেখিয়েছে তারা।
ম্যাচ শেষে হুর্জেলার বলেন, ‘একটি পুরোনো কথা আছে—রক্ষণভাগ আপনাকে লড়াই ও শিরোপা জেতায়। অবশ্য এখনই আমরা শিরোপা নিয়ে কথা বলছি না। তবে আজ আমাদের রক্ষণাত্মক মানসিকতা দেখানো জরুরি ছিল। আমরা যেভাবে একসঙ্গে রক্ষণ সামলেছি, সেটিই ছিল দলীয় ঐক্যের প্রকাশ।’
১০ জনের প্যালেসকে হারিয়ে টটেনহ্যামের টানা তৃতীয় জয়:
অন্যদিকে ঘুরে দাঁড়ানো টটেনহ্যাম হটস্পার টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে বড় সুবিধা পায় তারা।
ম্যাচের ১৩তম মিনিটে মিকি ভ্যান ডি ভেনকে বিপজ্জনকভাবে ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন প্যালেসের জ্যঁ-ফিলিপ মাতেতা।
এরপর ২৫তম মিনিটে আর্চি গ্রের হেডে এগিয়ে যায় টটেনহ্যাম। ৭৩তম মিনিটে আরও একটি হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ান পল ভ্যান হেকে। তার প্রথম প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলেও মাটিতে পড়ে থাকা অবস্থায় দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে পাঠান তিনি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
এফআর/