কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০১:৩৮ এএম | ০৩ নভেম্বর, ২০২৬
কেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীরকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি)। সোমবার (২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের খাড়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এই মামলার প্রধান আসামি কলাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারসহ আট আসামি পলাতক রয়েছেন।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের তারানগর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় কলাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াল শিকদারকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, খাড়াকান্দি এলাকায় বাদীর নিজ মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয় এবং সেখানে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই জমির মালিকানা ছেড়ে দেওয়ার বিনিময়ে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। বাদী চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে জমিতে কোনো ধরনের নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে বাধা দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ থেকে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করা হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৮৫, ৫০৬ সহ বিভিন্ন ধারায় আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পায় তদন্তকারী সংস্থা। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত সব আসামির বিরুদ্ধে সমন জারি করেন এবং পরবর্তীতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।
মামলার নামীয় নয় আসামি হলেন আওয়াল শিকদার, জাহাঙ্গীর, নাসির উদ্দিন, মহিউদ্দিন মিলন, হৃদয়, দিপু, সজিব, হৃদয় শিকদার ও আমিনুর। তাঁদের সবার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কেরানীগঞ্জ মডেল ওসি রুহুল কুদ্দুস বলেন, এসআরবি-১০ একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
আরআই/