সীতাকুণ্ডে বাস দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহত, আহত ২
ছবি: সংগৃহীত
০১:০৪ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) গেটের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে, বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে কুমিরাস্থ ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে, ক্যাম্পাসের সামনে, ৮ নম্বর একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় মাইশা মুশফিরাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের সহপাঠীরা জানান, দুর্ঘটনায় কবলিত তিন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে সকালে ক্যাম্পাসে আসছিলেন। আসার পথেই ৮ নম্বর লোকাল বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিরা অংশ অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এমআই