© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়নি, বিধ্বংসী পাল্টা হামলার হুমকি ইরানের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়নি, বিধ্বংসী পাল্টা হামলার হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন শান্তি আলোচনায় কোনো ধরনের সমঝোতা বা অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ইরান। এমন অবস্থায় মার্কিনিরা যদি নতুন করে কোনো হামলা চালায় তাহলে বিধ্বংসী পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানি আলোচক দলের মুখপাত্র ঈসমাইল বাঘেই এমন তথ্য জানান। তবে এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান আছে বলে জানিয়েছেন তিনি।    

বাঘেই বলেন, “কূটনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অতীত অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আশার দরজা বন্ধ। তবে তারা যদি কোনো হামলা চালায় তাহলে আমরা আমাদের নিজেদের রক্ষা করব এবং বিধ্বংসী পাল্টা হামলা চালাব।”

“একই সময়ে, ইরান তার বৈধ স্বার্থ এবং দাবি আদায়, শত্রুদের আগ্রাসন রুখে দিতে এবং এই অঞ্চলে নিরাপত্তা স্থাপনে কূটনৈতিক উপায় বা সুযোগকে হাতছাড়া করবে না।”- যোগ করেন বাঘেই। 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই ইরানে নতুন করে ব্যাপক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আজ দেশটিতে চলছে ভোটগ্রহণ। যা বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টা পর্যন্ত চলবে।

এরমধ্যে গতকাল রাতে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। যদিও তারা এটিকে বড় হামলা হিসেবে জাহির করতে চাইছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন কেশম দ্বীপের হামলা যুদ্ধ শুরু নয়; এটি একটি ছোট হামলা।

সূত্র: আলজাজিরা

এমআর/ 

মন্তব্য করুন