© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

শেয়ার করুন:
আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ০৪ নভেম্বর, ২০২৬
মার্কিন ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতা করে দেওয়া এই মন্তব্যের পাশাপাশি তিনি দাবি করেছেন, ইসরায়েলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।

তবে এ দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্য দেননি তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব।’

একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।

তবে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তার মতে, ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার বিষয়টি ব্যবহার করে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য অবশ্য নতুন নয়। গত মে মাসেও একই ধরনের কথা বলেছিলেন তিনি। সে সময়ও ইসরায়েলিদের মধ্যে নিজের জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ বলে দাবি করেছিলেন।

এদিকে, সর্বশেষ মন্তব্যটি এমন সময়ে এসেছে, যখন মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক পরীক্ষার মুখে রয়েছেন ট্রাম্প। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট হচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পেতে লড়ছে ডেমোক্র্যাটরা। এর মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতিনির্ধারণে আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেতে চায় দলটি।

এসএ/

মন্তব্য করুন