© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্লোরিডার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন

শেয়ার করুন:
ফ্লোরিডার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হলেন রিপাবলিকান বায়রন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ এএম | ০৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে যাচ্ছেন তিনি। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জলিকে হারিয়েছেন ডোনাল্ডস। তিনি বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হবেন।

রন ডিস্যান্টিস গভর্নর থাকাকালে নিজের প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা সামনে এনেছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডাকে আরও রক্ষণশীল রাজনৈতিক ধারার দিকে নিয়ে গেছেন তিনি।

নির্বাচনটি ছিল ট্রাম্পের প্রতি জনসমর্থন কমে যাওয়ার প্রভাব যাচাইয়ের একটি পরীক্ষা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ায় রিপাবলিকানরা রাজনৈতিক চাপে পড়েছেন। সেই প্রভাব ফ্লোরিডাতেও পড়ে কি না, তা নিয়ে আগ্রহ ছিল। কারণ, তিন দশকের বেশি সময় ধরে অঙ্গরাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি।

ডেমোক্র্যাট প্রার্থী জলি একসময় রিপাবলিকান কংগ্রেস সদস্য ছিলেন। পরে দল পরিবর্তন করে ডেমোক্র্যাটে যোগ দেন এবং মধ্যপন্থী অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, ডোনাল্ডস নির্বাচনী প্রচারে জলিকে সাধারণ মানুষের জীবনযাপন ও সমস্যা থেকে বিচ্ছিন্ন উদারপন্থী রাজনীতিক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। পাশাপাশি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের সমর্থন করে আসা কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছেও পৌঁছানোর চেষ্টা করেন তিনি।

জাতীয় রাজনীতির পাশাপাশি নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়ির বিমার খরচ। বিশেষ করে ঘূর্ণিঝড়ে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরিডায় বাড়ির বিমার উচ্চ ব্যয় ভোটারদের জন্য বড় উদ্বেগের বিষয় ছিল।

একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল ফ্লোরিডা। বড় শহর, কৃষিপ্রধান এলাকা, নতুন বসতি গড়া অবসরপ্রাপ্ত মানুষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর লাতিনো সম্প্রদায়ের স্বার্থের সংঘাতে এখানে নির্বাচন হতো। অনেক সময় খুব সামান্য ভোটের ব্যবধানেই নির্ধারিত হতো জয়-পরাজয়।

কেএন/

মন্তব্য করুন