© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

শেয়ার করুন:
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে আবারও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ০৫ নভেম্বর, ২০২৬
ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতিরা দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। বুধবারের (০৪ নভেম্বর) এ হামলায় বিমানবন্দরটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। খবর সিবিএস নিউজের।

সৌদি আরব আয়তন, সম্পদ ও সামরিক শক্তিতে হুতিদের চেয়ে অনেক এগিয়ে থাকলেও গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে পারছে না। গত অক্টোবরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ২০ জন নিহত হন। তাদের বেশির ভাগই কিং খালিদ বিমানবন্দরে প্রাণ হারান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রিয়াদের বিমানবন্দরকে ‘অনিরাপদ’ বলে সতর্ক করেন। একই সঙ্গে আন্তর্জাতিক বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সৌদি আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানান তিনি। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপরের আকাশসীমাকে এ সতর্কতার বাইরে রাখা হয়েছে।

বুধবার বিমানবন্দরে হামলার হুতিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় তাইজ প্রদেশের আকাশে সৌদি আরবের পরিচালিত চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে হুতিরা।

এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের চলমান গৃহযুদ্ধের নতুন করে উত্তেজনা শুরুর পর সৌদি আরবের পরিচালিত এ ধরনের দশম ড্রোন ভূপাতিত করল তারা। ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে সারি আরও দাবি করেন, ইয়েমেনের আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে সৌদি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। এতে কয়েক ডজন সেনা নিহত ও আহত হয়েছেন এবং বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের জিজান অঞ্চলের উত্তরে একটি রাডার স্থাপনা এবং নাজরানে সৌদি সামরিক শিবির লক্ষ্য করেও অভিযান চালানোর কথা জানিয়েছেন হুতিদের এই মুখপাত্র।

সূত্র : সিবিএস নিউজ

এফআর/

মন্তব্য করুন