যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি
ছবি: সংগৃহীত
০৭:৩৪ এএম | ০৫ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার জন্ম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। তার পুনর্নির্বাচনের খবরে আনন্দিত জন্মস্থান বাজিতপুরের মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা।
শেখ মুজাহিদুর রহমান চন্দন বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের ছেলে। তার বাবা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের আগরতলায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ রহমান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শেখ রহমান। পরে জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
২০১৮ সালে প্রথমবার জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি অঙ্গরাজ্যটির প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত আইনপ্রণেতা হিসেবে পরিচিতি পান। এরপর থেকে স্টেট সিনেটের ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।
নির্বাচনি ফলাফলের তথ্য অনুযায়ী, সাধারণ নির্বাচনে এই আসনে শেখ রহমানের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। প্রাথমিক ফলাফলে তার নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।
এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পান ৫ হাজার ১৬৬ ভোট।
শেখ রহমানের পুনর্নির্বাচনের খবরে বাজিতপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা দিয়েছে। তাকে এলাকার গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করে অনেকে তার সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।
শেখ রহমানের ভাতিজা শেখ রাফিদ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হওয়ায় আমার চাচাকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গর্বিত। একজন বাংলাদেশি মুসলিম হিসেবে এ পর্যায়ে পৌঁছানো কঠিন ও চ্যালেঞ্জিং। তিনি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হয়েছেন। এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও বলেন, তার (শেখ রহমান) জন্য আমাদের পরিবার ও এলাকার মানুষ আনন্দিত। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে তিনি আরও বড় পদে অধিষ্ঠিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন।
স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন বলেন, বাজিতপুরের সন্তান শেখ রহমান আবারও যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছেন—এ খবর শুনে খুব ভালো লাগছে। বিদেশের মাটিতে তিনি বাংলাদেশের পাশাপাশি আমাদের এলাকার নামও উজ্জ্বল করছেন। তার এই অর্জনে আমরা গর্বিত। আমরা চাই, তিনি ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখুন। এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তিনি আমাদের খোঁজখবরও নেন।
প্রসংঙ্গত, ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে পরাজিত করে জর্জিয়া স্টেট সিনেটের ৫ নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান।
এফআর/