আ’লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার মতো যেন দিতে না হয় প্রধানমন্ত্রীকে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
০২:৫৪ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, সেই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।’
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা মরহুমা বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতন কীভাবে এত সহজে ভুলে যায় তারা।
তিনি বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এর আগে যারা ক্ষমতায় ছিল, তারা অনেক আইন পাস করেছে। সেগুলো টেকেনি। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
জামায়াতের সঙ্গে বিএনপির জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাদের সঙ্গে এজেন্ডাভিত্তিক জোট হলেও আদর্শিক কোনো জোট হয়নি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।
এর আগে, গাইবান্ধায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এফআর/