ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে১০৫ বছরের ইতিহাসে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (আমুসু) ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। আট বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের ফল শুক্রবার ঘোষণা করা হয়। এতে ১৩টি পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা।
নাশরা পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। ফলে ১ হাজার ২৭৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। পাশাপাশি সংসদের ১০টি ক্যাবিনেট সদস্যপদের পাঁচটিতে জয় পেয়েছেন নারীরা, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন রেকর্ড।
সভাপতি পদে মোহাম্মদ নোমান আশরাফ ৪ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।
আমুসু ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান ফল ঘোষণা করেন।
নজিরবিহীন আট বছরের বিরতির পর এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন আয়োজনের দাবিতে গত তিন বছর ধরে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, চলমান জেনারেশন জেডের আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে পড়েছে। আগের বছরগুলোতে প্রচারে মূলত ক্যাম্পাসের সমস্যা প্রাধান্য পেলেও এবার মুসলমানদের সংশ্লিষ্ট বিষয়সহ বৃহত্তর জাতীয় ইস্যু আলোচনায় এসেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়াকে প্রতিষ্ঠানের উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয় হিসেবে অভিহিত করেছেন। নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তিনি নারী ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচার চলাকালে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এমআই/