ইয়েমেনের মার্কেটে সৌদি জোটের বিমান হামলা, বহু মানুষ হতাহত
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ মার্টেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ৩০ জন আহত বা নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হুথি সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি।
স্থানীয় সূত্রের বরাতে টিভি চ্যানেলটি জানিয়েছে, হতাহতের সংখ্যাটি প্রাথমিক। মার্কেটটিতে এখনো হতাহতের দেহ উদ্ধারের কাজ চলছে। ফলে সংখ্যাটি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রটি আরও বলেছেন, উদ্ধারকাজ চলার মধ্যেই সেখানে যুদ্ধবিমান চক্কর দিচ্ছে।
আল-মাসিরাহ টিভি আলাদা এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী সানার হামদান এলাকায় তীব্র বিমান হামলা চালানো হয়েছে। সেখানে দুটি কূপে হামলা হয়েছে। এছাড়া সা’দা প্রদেশের মাজ জেলাতেও বিমান হামলার ঘটনা ঘটেছে।
এর পাশাপাশি সৌদির সীমান্তবর্তী সাদার অন্যান্য জেলায় কামানের গোলা ও রকেট নিক্ষেপ করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তাকারী সৌদি জোট এবং হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এর আগে বুধবারও সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
এছাড়া আজ পবিত্র মক্কা অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করার তথ্য দিয়েছেন সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
সূত্র: আলজাজিরা
এমআর/