© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শেয়ার করুন:
তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ০৭ নভেম্বর, ২০২৬
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত না মানার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যকার বিরোধ ও দ্বন্দ্ব নিরসনে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য ডাকা হয়। সেখানে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি দেয়া এবং একটি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে তারা কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করেননি।



সালিশ কমিটির পক্ষ থেকে তাদের পরপর দুটি চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। বরং চিঠিগুলো ফেরত আসে। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর সালিশ কমিটি তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে কার্যনির্বাহী কমিটির কাছে। পরে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সেই সুপারিশ গৃহীত হয়।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কোনো জবাব না পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে সদস্যপদ স্থগিতকরণের নোটিশও জারি করে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে অভিনয়শিল্পী সংঘ বদ্ধপরিকর। একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা অটুট রাখার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।

কেএন/

মন্তব্য করুন