‘দার-ই-নাজাত’-এর শেষ গল্প ফাঁস করে দিলেন রোমাইসা!
ছবি: সংগৃহীত
০৫:২০ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নাজাত’ নিয়ে এখন দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এর গল্প ও চরিত্র নিয়ে নানা আলোচনা।
প্রতিটি পর্বের পর নতুন মোড়ের অপেক্ষায় থাকেন দর্শকেরা। বিশেষ করে শেষ পর্যন্ত গল্প কোন দিকে যাবে, কার কী পরিণতি হবে- তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে ধারাবাহিকটির অভিনেত্রী রোমাইসা খানের একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। সেখানে গল্পের শেষ নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন তিনি, যা শুনে চমকে যেতে পারেন দর্শকেরা।
ধারাবাহিকটিতে হামনা চরিত্রে অভিনয় করছেন রোমাইসা।
শনিবার (৭ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে চরিত্রটিকে ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানান। এরপর পুরস্কার হিসেবে ধারাবাহিকের পরবর্তী ঘটনা জানাবেন বলে দাবি করেন অভিনেত্রী।
রোমাইসার ভাষ্য অনুযায়ী, ধারাবাহিকের প্রধান নারী চরিত্র জারিয়াব, যার ভূমিকায় অভিনয় করছেন দুরে ফিশান সেলিম, গল্পের শেষদিকে তুরস্কে চলে যাবেন। সেখানে তার দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা আরতুগ্রুলের সঙ্গে। আরতুগ্রুল আবার জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই। ফলে হামনার সঙ্গে তার আত্মীয়তার সম্পর্কও তৈরি হবে।
এরপর গল্পে আরো অদ্ভুত মোড় আসবে বলে জানান রোমাইসা।তার দাবি, জারিয়াবের স্বামী আবু বকর, যার চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার, স্ত্রীর হারানো ভালোবাসায় ভেঙে পড়ে মোটিভেশনাল স্পিকার হয়ে যাবেন। ‘লেটস মুভ অন’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবেন তিনি। সেখানে সামনের সারিতে দেখা যাবে জামিলকে।
এখানেই শেষ নয়। জামিল নাকি আবু বকরকে জানাবেন, তার মা খুশবখতও জামিলের মা। অর্থাৎ তারা দুজন সৎভাই! সম্পর্কের এমন জটিলতায় বিরক্ত হয়ে হামনা দুবাই চলে যাবেন এবং সেখানে রিয়েল এস্টেট ব্যবসায় কাজ শুরু করবেন।
তবে রোমাইসার বলা এসব ঘটনা ধারাবাহিকের প্রকৃত গল্প নয়। পুরো বিষয়টি ছিল তার মজার ছলে বলা। ভিডিওর শেষদিকে অভিনেত্রী ভক্তদের প্রশ্ন করেন, চাকরি হারানোর ঝুঁকি নিয়ে সত্যিকারের গল্প কি এভাবে ফাঁস করবেন তিনি? এরপর প্রকৃত ঘটনা জানতে দর্শকদের ধারাবাহিকটি দেখার পরামর্শ দেন।
সব মিলিয়ে রোমাইসার এই মজার গল্প দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে আসল গল্প জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের।
এসএ/