দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৬:৩৩ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্মদিন আজ। ১৯৭০ সালের ৭ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ওড়িয়া ও হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা, প্রশংসা ও জাতীয় পর্যায়ের স্বীকৃতি।
অভিনয়দক্ষতা, সৌন্দর্য এবং পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষমতা দিয়ে কয়েক দশক ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ঋতুপর্ণা। তাঁর অভিনয়জীবনের অন্যতম উল্লেখযোগ্য কাজ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘দহন’। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ধর্ষণের শিকার এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ঋতুপর্ণা।
কলকাতার কার্মেল কনভেন্ট স্কুলে পড়াশোনা শেষ করে লেডি ব্রেবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার জন্য ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি ধীরে ধীরে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর।

১৯৮৯ সালে দূরদর্শনের ধারাবাহিক ‘শ্বেত কপোত’–এর মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন ঋতুপর্ণা। এরপর ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। নব্বইয়ের দশক থেকেই বাংলা চলচ্চিত্রে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। ‘লাঠি’, ‘দহন’, ‘পারমিতার একদিন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ও ‘অনুরণন’-এর মতো ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি।
পরবর্তী সময়েও অভিনয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ঋতুপর্ণা। ‘রাজকাহিনী’, ‘আহা রে’ ও ‘পার্সেল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বাণিজ্যিক ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক ও ব্যতিক্রমী চলচ্চিত্রেও সাবলীল উপস্থিতি রয়েছে তাঁর।
ব্যক্তিগত জীবনেও নিজের মতো করে সাজিয়েছেন সংসার। ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। তাঁদের দুই সন্তান অঙ্কন ও রিশোনা নিয়াকে নিয়ে তাঁর পরিবার। অভিনয়ের নানা বৈচিত্র্য আর দীর্ঘ পথচলায় বাংলা চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এসএ/