শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত
১১:৩৮ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হারলেও এবার লঙ্কানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ৪৫ রানের জয় পেয়েছে টাইগার যুবারা।
ওমানের আল আমেরাতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ২ বল বাকি থাকতে ২৪৫ রানে গুটিয়ে যায় টাইগাররা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন।
এ ছাড়া ৮৩ বলে ৫৯ রান করেন এসকে জারিফ সিয়াম। আব্দুল্লাহ আল মুহি ৩০ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে সেথমিকা সেনেরিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি ও কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। এরপর এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করেন সেনুজা ওয়েকুনাগদার। তার ব্যাটে জয়ের স্বপ্নই দেখছিল লঙ্কানরা। তবে ৮৫ রানে এই ব্যাটাড় ফেরার পর আর কেউ বড় রান করতে পারেননি। শেষপর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ।
টাইগারদের পক্ষে দুটি করে উইকেট পান রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।
একেএস/টিএ