© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতা হারাতে যাওয়া নেতানিয়াহু জানালেন জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান

শেয়ার করুন:
ক্ষমতা হারাতে যাওয়া নেতানিয়াহু জানালেন জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ০৮ নভেম্বর, ২০২৬
ক্ষমতা হারাতে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তার যে জোট বর্তমানে সরকারে আছে তাদের সঙ্গে নিয়ে যেন ঐক্য সরকার গঠন করা হয়।

এ সময় তিনি আরব দলগুলোর সঙ্গে জোট না করতে আইজেনকোটকে সতর্কতা দেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, আরবরা সন্ত্রাসবাদের মদদ দেয় এবং তাদের সঙ্গে নিয়ে যদি সরকার গঠন করা হয় তাহলে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।

গতকাল রাতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানান, তিনি গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। এর কিছুক্ষণ আগে নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেন।

তিনি আবার শর্ত দিয়েছেন, যদি ঐক্য সরকার গঠন করা হয় তাহলে তার জোটের সব দলকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ বাজায়েল স্মোরিচ ও ইতামার বেন গিভিরের মতো অতি উগ্রপন্থিদের আবারও সরকারে জায়গা দিতে হবে।

তবে তিনি তার ভিডিওতে উল্লেখ করেননি ঐক্য সরকারের প্রধানমন্ত্রী কে হবেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নির্বাচনের পর নেতানিয়াহুর সুর পরিবর্তন হচ্ছে। নির্বাচনের পর পর তিনি ডানপন্থি সরকার গঠনের কথা বলেছিলেন। এরপর তিনি বৃহৎ জাতীয় সরকার গঠনের কথা বলেন। এখন তিনি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু অভিযোগ করেছেন, গাদি আইজেনকোট তাড়াহুড়া করে সরকার গঠনের চেষ্টা করছেন। যা ইসরায়েলের জন্য মঙ্গলজনক হবে না।

এ দখলদার বলেন, “কেউ একজন তাড়াহুড়া করে সরকার গঠন করতে চাইছেন। এমনকি আগামী সপ্তাহের মধ্যে, সন্ত্রাসবাদের সমর্থকদের (আরবদের) সঙ্গে নিয়ে। তিনি যাদের সঙ্গে সরকার গঠনের চেষ্টা করছেন তারা ইসরায়েলের পতন ঘটাতে চায়। যে সরকার হামাসের সমর্থকদের নিয়ে হবে তারা হামাসের বিরুদ্ধে লড়াই করবে না। গাজা ও লেবাননে থাকা ইসরায়েলি সেনাদের নিরাপত্তা রক্ষা করবে না।”

আরবদের নিয়ে যদি কোনো সরকার গঠন করা হয় তাহলে ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হবে বলেও অভিযোগ করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি বলেন, “ইউরোপে ইসলামপন্থিরা যে দাঙ্গা করছেন ইসরায়েলে তা ঘটবে যদি আরবদের সমর্থন নিয়ে সরকার গঠনা করা হয়। এমন সরকার নিয়ে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা হবে না।”

জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, “আমি একটি ঐক্য সরকার গঠনের আহ্বান জানাচ্ছি যেখানে আমার ডানপন্থি জোটের সব দল অন্তর্ভুক্ত থাকবে।”

তবে গাদি আইজেনকোট আগে থেকেই বলে আসছেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি কোনোভাবেই জোট করবেন না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/ 

মন্তব্য করুন