নিউজিল্যান্ডের উপকূলে আটকা পড়ে ৪৩ তিমির মৃত্যু
ছবি: সংগৃহীত
০৯:২৮ এএম | ০৮ নভেম্বর, ২০২৬
নিউজিল্যান্ডের উপকূলে আটকা পড়ে ৪৩টি তিমির (পাইলট হোয়েল) মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা এই ঘটনাকে ‘কঠিন ও মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ (ডিওসি) জানিয়েছে, বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার পর কেপ প্যালিসারের কাছে এনগাউই উপকূলে তিমি আটকে পড়ার খবর তারা পায়। সে সময় অন্তত ২০টি তিমি উপকূলে দেখা যায়, যার মধ্যে চারটি তখনো জীবিত ছিল বলে জানিয়েছিল পরিবেশ সংরক্ষণ সংস্থা প্রজেক্ট জোনাহ নিউজিল্যান্ড। সংস্থাটি ডিওসি ও স্থানীয় মাওরি গোষ্ঠীর (ইউই) সঙ্গে মিলে জীবিত তিমিগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও জোয়ারের সময় পানিতে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
তবে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ডিওসি জানায়, এনগাউই থেকে মাঙ্গাতোয়েতো উপকূলে মোট ৪৩টি তিমি পাওয়া গেছে এবং দুর্ভাগ্যবশত এগুলোর কোনোটিই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। জীবিত পাওয়া তিমিগুলোও দিনভর মারা যায় বলে প্রজেক্ট জোনাহ জানিয়েছে। সংস্থাটি বলেছে, যারা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের জন্য এটি একটি কঠিন ও মর্মান্তিক অভিজ্ঞতা ছিল।
স্থানীয় জেলে অ্যান্ড্রু সিম ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ বলেছেন।
স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ইয়ান এল. বয়েড বলেন, এ ধরনের ঘটনা সাধারণত সামাজিক প্রাণীদের ক্ষেত্রে ঘটে। সম্ভবত পুরো বা আংশিক সামাজিক দল একসঙ্গে আটকে পড়ে। অগভীর ঢালু উপকূলে এ ধরনের ঘটনা বেশি দেখা যায়।
নিউজিল্যান্ডে এখন গ্রীষ্মকাল। এ সময় তিমিরা খাদ্যের সন্ধানে উপকূলের কাছে আসে এবং বেশিরভাগ সৈকতে আটকে পড়ার ঘটনা এসময়ই ঘটে।
এমআর/