আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২১
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
সেনেগালের উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের কেবেমের উপকূলে দুর্ঘটনার শিকার হয় নৌকাটি।
উদ্ধার অভিযান বর্তমানে চলছে এবং এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রপতির ও সরকারের পক্ষ থেকে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবং শোকার্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবপাচার চক্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এই সমস্যা সমাধানে প্রতিবেশী দেশগুলোর সাথে কাজ করে যাবে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইউরোপে যাওয়ার জন্য পশ্চিম আফ্রিকার অভিবাসীদের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আটলান্টিক রুট একটি অন্যতম প্রধান পথ। সেনেগাল, মরক্কো ও মৌরিতানিয়ার প্রচলিত অভিবাসী প্রস্থান পয়েন্টগুলোতে কড়াকড়ি বাড়ায় অনেকে গাম্বিয়ার মতো দেশের দিকে দক্ষিণের পথ বেছে নিচ্ছেন।
আইওএম জানিয়েছে যে, এই বিকল্প প্রস্থান পয়েন্টগুলোর কারণে যাত্রাপথ প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে সমুদ্রযাত্রা প্রায় ২,২০০ কিলোমিটারে গিয়ে ঠেকে, যার ফলে মানুষ সমুদ্রেই বেশি সময় কাটাতে বাধ্য হয় এবং কম নজরদারিপূর্ণ উপকূলীয় এলাকায় জাহাজডুবি, পানিশূন্যতা ও নিখোঁজ হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
সূত্র: ইউরোনিউজ
কেএন/