বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:৫৮ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থায় উন্নত গবেষণার পরিধি বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ রোববার (৮ নভেম্বর) বগুড়াস্থ পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমরা এখন ‘গ্লোবাল ভিলেজে’ বাস করছি। প্রতিনিয়ত আমাদের আন্তর্জাতিক নানা ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও জোর দিতে হবে।” এ সময় তিনি তরুণ শিক্ষকদের আরও উন্নত মানের আন্তর্জাতিক মানের গবেষণায় মনোযোগ দেওয়ার তাগিদ দেন।
আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিগত ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এআই এর যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সেদিকেও সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের অংশ হিসেবে শিক্ষাকে আনন্দময় করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আনন্দময় ও ভীতিহীন পরিবেশে পাঠদান করাতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে আরও যুগোপযোগী করে তুলতে এতে এআই ও আধুনিক তথ্য-প্রযুক্তির সংযোগ ঘটানোর জোর আহ্বান জানান তিনি।
শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাসহ দেশের সব শিক্ষক-কর্মকর্তাকে একযোগে কাজ করার আহ্বান জানান ড. আ ন ম এহছানুল হক মিলন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক ও নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান।
এসএ/