কারিনার রাতের অদ্ভুত অভ্যাস ফাঁস করলেন সাইফ!
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ০৮ নভেম্বর, ২০২৬
বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের এক যুগেরও বেশি সময় পেরিয়েছে। দীর্ঘ এই পথচলায় দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখেই সংসার করছেন তারা।
পর্দার বাইরেও দুজনের খুনসুটি ও রসিকতা ভক্তদের বরাবরই আকৃষ্ট করে। এবার স্ত্রী কারিনার রাতের এক অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করে আলোচনায় এসেছেন সাইফ। সম্প্রতি কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হয়ে হাজির হন সাইফ আলি খান ও কারিনা কাপুর। সেখানে তাদের দীর্ঘ দাম্পত্যজীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য নিয়ে জানতে চান সঞ্চালক কপিল শর্মা।
জবাবে কারিনা জানান, তাদের বাড়িতে প্রচুর ঘি খাওয়া হয়। তবে স্ত্রীর কথা শেষ হওয়ার আগেই মজার ছলে সাইফ বলে ওঠেন, ‘ও শুধু ঘি খায় না, রাতে শোবার সময় পায়েও ঘি মাখে।’ স্বামীর কথায় সায় দিয়ে কারিনাও জানান, পায়ে ঘি মাখার অভ্যাসটি ত্বকের জন্য বেশ উপকারী। এরপরই বিষয়টি নিয়ে আরো রসিকতা শুরু করেন সাইফ।
নিজের শোবার ঘরের একটি মজার অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতেরবেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে।’ সাইফের এমন মন্তব্যে হাসির রোল পড়ে যায় স্টুডিওজুড়ে। হাসি সামলাতে পারেননি কারিনাও। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পূরণ সিংকে ঘিরেও নানা রসিকতায় মেতে ওঠেন কপিল।
উল্লেখ্য, ২০০৮ সালে ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময় সাইফ ও কারিনার প্রেমের সম্পর্কের শুরু। এরপর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তাদের সংসার।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। কারিনাকে সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘দায়রা’য় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খান।
এসএ/