ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান নবনির্বাচিত সিনেটরের
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ০৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল, পাকিস্তান, মিসর ও জর্ডানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি ও আর্থিক সহায়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আব্দুল আল-সায়েদ। তাঁর মতে, যেসব দেশকে দেওয়া মার্কিন অর্থ ও অস্ত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহৃত হতে পারে, সেসব দেশের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখা উচিত নয়।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-সায়েদ বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন দেশগুলোকে সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।
তিনি বলেন, এই নীতি শুধু ইসরায়েলের জন্য নয়, মিসর, পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলোর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
আল-সায়েদের ভাষ্য, কোনো দেশকে মার্কিন অর্থ সহায়তা দেওয়ার পর সেই অর্থ ব্যবহার করে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
ইসরায়েলকে সামরিক সহায়তা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন আল-সায়েদ। নির্বাচনে জয়ের পর তিনি বলেন, এ বিষয়ে প্রেসিডেন্টের অবস্থান সঠিক। একই সঙ্গে ইসরায়েলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানান তিনি।
আল-সায়েদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবাদী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের গুরুতর অপরাধে ব্যবহৃত হতে পারে, এমন অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি বন্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে একটি চুক্তির আওতায় ইসরায়েলকে বছরে ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ২০২৮ সাল পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকার কথা।
আল-সায়েদের মন্তব্যে পাকিস্তানকে মার্কিন আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। ইসলামাবাদকে আন্তর্জাতিক আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করে আসছে ভারত।
নয়াদিল্লির দীর্ঘদিনের আশঙ্কা, আন্তর্জাতিক ঋণ কর্মসূচির মাধ্যমে পাওয়া অর্থ পাকিস্তান আন্তসীমান্ত সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে। ভারতের অবস্থান, আন্তর্জাতিক আর্থিক সহায়তা যেন কোনোভাবেই সন্ত্রাসবাদকে পরোক্ষভাবে উৎসাহিত না করে।
একই সঙ্গে সংস্কারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কোনো দেশকে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পুরস্কৃত করা উচিত নয় বলেও মনে করে ভারত। পাকিস্তানকে বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে দেশটি। এ বিষয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) নিয়ম মেনে চলার ক্ষেত্রে পাকিস্তানের রেকর্ড তুলে ধরেছে নয়াদিল্লি।
এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। তবে ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ পাকিস্তানের ঋণ কর্মসূচির পর্যালোচনা অনুমোদন করে এবং অর্থ ছাড় করে।
বিদেশে সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে মার্কিন করদাতাদের অর্থ দেশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা উচিত বলেও মনে করেন আল-সায়েদ।
কেএন/