আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আজ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আজ সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
সফরকালে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা ও আঙ্কারার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই এবারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রথমবার বৈঠক করেন তারেক রহমান ও এরদোয়ান।
সেখানে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা এবং সম্পর্ককে প্রাতিষ্ঠানিক কাঠামোয় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়।
গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের সময় দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষাবিষয়ক যৌথ কমিটি গঠনের ঘোষণা আসে।
জুলাইয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের তুরস্ক সফরও সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা। কূটনৈতিক মহলের মতে, এবারের শীর্ষ বৈঠক বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
আরআই/