প্রথমবারের মতো একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ সিদ্ধার্থ-কিয়ারা
ছবি: সংগৃহীত
০৫:০২ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ। অনুষ্ঠানের নবম মৌসুমে নিজেদের দাম্পত্য জীবন, বিয়ের স্মৃতি ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলবেন তারা।
তবে এবারের পর্বে সবচেয়ে বেশি নজর কেড়েছে কিয়ারার দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর। অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সঞ্চালক করণ জোহর সিদ্ধার্থ ও কিয়ারাকে তাদের ডেট নাইট নিয়ে প্রশ্ন করেন। জানতে চান, তাদের একান্ত সময় কি শুধু খাবার খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে? জবাবে নিজের বেবি বাম্পে হাত রেখে কিয়ারা মজা করে বলেন, ‘আব বাস হো গয়া!’ অর্থাৎ, ‘এবার যথেষ্ট হয়েছে!’ তার এমন উত্তরে হেসে ওঠেন সিদ্ধার্থ ও করণ। কিয়ারা বর্তমানে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন।
অনুষ্ঠানের প্রচারণায় তার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। দম্পতির এই মজার কথোপকথন ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। শুধু দাম্পত্য জীবন নয়, নিজেদের বিয়ের স্মৃতিও ভাগ করে নেন সিদ্ধার্থ-কিয়ারা। এ সময় শাহিদ কাপুরকে ঘিরে একটি মজার ঘটনার কথা জানান তারা।
বিয়ের অনুষ্ঠানে নাচের পরিবেশনার সময় শাহিদ মঞ্চে যোগ দিতে চাইলে করণ জোহর মজা করে তাকে মঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনে কোনো চরিত্রে অভিনয়ের ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নও করেন করণ। জবাবে সিদ্ধার্থ রসিকতা করে বলেন, তারা নিজেদের পেশাগত জীবনকে ব্যক্তিগত জীবনের সঙ্গে মেলাতে চান না। এমনকি শোবার ঘরেও কাজ নিয়ে যেতে চান না বলে মন্তব্য করেন তিনি।
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের এই পর্বটি বুধবার সন্ধ্যা ৭টায় জিওহটস্টারে প্রচারিত হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ে করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তাদের প্রথম সন্তান কন্যাসন্তান সারায়াহর জন্ম ২০২৫ সালে। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।
এসএ/