© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্কের কারণে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

শেয়ার করুন:
ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্কের কারণে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ এএম | ১১ নভেম্বর, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পেশাদারত্বের বাইরেও বেশ ভালো সম্পর্কের কথা কারও অজানা নয়। সেই ধারাবাহিকতায় তিনি যখন গত বছর নোবেল পিস প্রাইজ বঞ্চিত হন, তারই কিছুদিন পর ফিফা থেকে ‘শান্তি পুরস্কার’ প্রবর্তন ও ট্রাম্পকে সেটি দেন ইনফান্তিনো। এবার অভিযোগ উঠেছে, মার্কিন প্রধানের সঙ্গে সম্পর্কের খাতিরে তিনি আর্থিকভাবেও লাভবান হয়েছেন। সবমিলিয়ে ফিফা সভাপতি তদন্তের মুখে!

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন কংগ্রেসে আইনি তলবের (সাবপিনা) মুখোমুখি হতে যাচ্ছেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এমন পরিস্থিতি সামনে এলো। এখন ফিফা প্রধানকে তলব করার এবং তথ্য প্রদানে বাধ্য করার আইনি ক্ষমতা চলে এসেছে আইনপ্রণেতাদের কাছে।

ফিফার কয়েকজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিশ্ব ফুটবল সংস্থার সভাপতিকে আগামী জানুয়ারিতে সাক্ষ্য দেওয়ার জন্য আইনি তলব করা হতে পারে। এদিকে, পরবর্তী মেয়াদেও ফিফা সভাপতি পদে থাকার লক্ষ্যে গত মার্চে প্রচারণা চালানোর বিষয়ে যে প্রমাণ ছিল তিনি সেসব নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ। এখন তাকে সম্ভাব্য সেসব ক্ষতিকর প্রমাণ হস্তান্তর করতে বাধ্য করা হতে পারে বলে মনে হচ্ছে।

শক্তিশালী হাউজ জুডিশিয়ারি কমিটি জুলাই মাস থেকেই ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক নিয়ে তদন্ত করছিল। ওই কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন সাম্প্রতিক আরও বেশ কিছু বিতর্ক সক্রিয়ভাবে খতিয়ে দেখছেন বলে উঠে আসে গণমাধ্যমে। যেখানে রয়েছে– ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে তার প্রধান মধ্যস্থতাকারী কার্লোস কর্ডেইরোকে তার বিলাসবহুল মায়ামি বাড়িতে একজন অভিবাসী গৃহকর্মীর জন্য কাজের অনুমতিপত্র জোগাড় করে দিতে বলেছিলেন। এই সংক্রান্ত নথি তলব করা হয়েছে। তবে ফিফা কোনো অন্যায়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।



টেলিগ্রাফের তথ্যমতে, সর্বশেষ বিশ্বকাপের আগেও ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্কটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে যখন তিনি মার্কিন প্রেসিডেন্টকে প্রথম ফিফা শান্তি পুরস্কার প্রদান করেন। পরে টুর্নামেন্ট চলাকালে ফিফা যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর ইনফান্তিনোর পদত্যাগের দাবি ওঠে এবং ট্রাম্প স্বীকার করেন যে , বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য তিনি সুইসদের কাছে তদবির করেছিলেন।

এ ছাড়া ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টের পর জানা যায়, ইনফান্তিনো ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। যেখানে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠিত কোম্পানি থ্রাইভ ইটার্নাল প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবে। যদিও পরে সদস্য দেশগুলোর প্রবল আপত্তির মুখে আর সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। এমনকি এজন্য ক্ষমাও চাইতে হয়েছে ফিফার প্রধানকে।

একেএস

মন্তব্য করুন