সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত
০২:১৭ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভি মাহমুদ (২২) নামে এক যুবক। ১৯ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। এ ঘটনায় সরকারি কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
‘কালা ভাই ০.২’ নামের একটি ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি ভিডিওটি প্রকাশ করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বুকের বোতাম খোলা অবস্থায় সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে উগ্র ভঙ্গিতে কথা বলছেন ওই যুবক।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই, আপনি কথা বলিয়েন না। আপনি গাছের মধ্যে পেরেক মারেন, এরপর ডিল মেরে রাখেন। আমাদের মতো বন্ধুবান্ধব চুরি করতে পারি না। আমি অফিসিয়ালভাবে আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আমাকে চেনেন? এদিকে আসো।’ একপর্যায়ে আপত্তিকর অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ভিডিওটি শেষ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি কার্যালয়ের ভেতরে এভাবে ভিডিও ধারণ এবং কর্মকর্তার চেয়ারে বসার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘কমলনগর উপজেলা একটি সরকারি প্রতিষ্ঠান। সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করার ঘটনায় সমাজসেবা কর্মকর্তাকে ইউএনওর শোকজ করা উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত অভি মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। উপজেলা পরিষদে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুষ্টামির ছলে ভিডিওটি ধারণ করেছিলেন। বিষয়টি যে এত দূর গড়াবে, তা তিনি বুঝতে পারেননি। ইতিমধ্যে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলেছেন বলেও জানান তিনি।
কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম বলেন, ‘অভি ছেলেটি ইলেকট্রিশিয়ান। উপজেলার বৈদ্যুতিক কাজের জন্য সে এখানে আসে। তবে কীভাবে সুযোগ বুঝে সে ভিডিওটি ধারণ করেছে, তা আমরা জানি না।’
উপজেলা পরিষদের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে কীভাবে এমন ভিডিও ধারণ করা হলো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হলে এর দায়ভার কে নিতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর দায় অবশ্যই আমাদের ওপর বর্তায়। ইতিমধ্যে তাদের ডাকা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এমআই/