ঋণ নয়, জলবায়ু তহবিলের অনুদান চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
০৪:০৬ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
জলবায়ু ক্ষতির প্রভাব মোকাবেলায় বাংলাদেশ আর কোনো ঋণ নয়, বরং অনুদান হিসেবে জলবায়ু তহবিল প্রাপ্তির জোর দাবি জানাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বুধবার (১১ নভেম্বর) কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনকালে সাংবাদিক ও সংশ্লিষ্টদের এ কথা জানান তিনি।
তিনি নিশ্চিত করেন যে, সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু অর্থায়নের এই গুরুত্বপূর্ণ বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ অর্থনীতির অগ্রযাত্রায় বাংলাদেশ ইতিমধ্যে সোলার এনার্জি (সৌরবিদ্যুৎ), নদী খননসহ বেশ কিছু টেকসই কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব জলবায়ু ফোরামে এসব পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কীভাবে জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে আলোকপাত করবেন।
তিনি আরো উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মতো দেশগুলোর সংকটের ইতিহাস অনেক পুরনো।
তাই এবারের সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে একটি কার্যকর এবং সুনির্দিষ্ট সমাধানের প্রত্যাশা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন শুধু আশ্বাসে নয়, বরং অনুদানের মাধ্যমে কার্যকর ও টেকসই উপায়ে জলবায়ু সমস্যা সমাধান করতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
কপ সম্মেলনের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে—চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুবাইদা রহমানের সৌজন্য বৈঠক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই কূটনৈতিক তৎপরতা ও উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থায়নে এক ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।
এমআই/