ম্যান সিটি ছাড়লে হালান্ডের পরবর্তী গন্তব্য হতে পারে বার্সেলোনা: স্কোলস
ছবি: সংগৃহীত
১২:০৪ এএম | ১২ নভেম্বর, ২০২৬
ম্যানচেস্টার সিটি ছেড়ে গেলে আরলিং হালান্ডের পরবর্তী গন্তব্য হতে পারে বার্সেলোনা, এমনটাই মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি মিডফিল্ডার পল স্কোলস। তবে নরওয়েজীয় স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদের জার্সিতেও মানাবে বলে মন্তব্য করেছেন তিনি।
‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য ফুটবল’ পডকাস্টে হালান্ডের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কোলস। সিটি যদি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়, তাহলে হালান্ড কোথায় যেতে পারেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বার্সেলোনা। যদিও তাকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় বলেই মনে হয়। রিয়ালের জার্সিতে তাকে সহজেই কল্পনা করতে পারি। তবে আমার মনে হয়, সে বার্সেলোনায় যাবে।’
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে প্রিমিয়ার লিগের তদন্ত ও সম্ভাব্য শাস্তি নিয়েও আলোচনা চলছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ স্বাধীন কমিশন সিটিকে আর্থিক বিধি ভঙ্গের বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ১ অক্টোবর আপিল করেছে ক্লাবটি। ফলে শাস্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সিটির সঙ্গে হালান্ডের চুক্তি ২০৩৪ সালের জুন পর্যন্ত। ২০২৫ সালের জানুয়ারিতে নতুন চুক্তি করেন তিনি। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে দলে টানা সহজ হবে না বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের জন্য।
একেএস