সিলেটে অস্ত্রসহ ২ ভারতীয় নাগরিক আটক
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন দুই ভারতীয় নাগরিক। পরে তারা সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে আনারস বাগান এলাকায় গেলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।ব্যাংকিং সেবা
আটক দুজন হলেন- ভারতীয় নাগরিক বাতিম তুতা (২৮), টেম্পো (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, আটক দুই ভারতীয় নাগরিককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
এমআর/